মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়ালে দলীয় নেতাকর্মীদেরও ছাড় নয়: স্পিকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

Spread the love

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। সাধারণ মানুষের ওপর উৎপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করে।

স্পিকার বলেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইভাবে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। তাঁর দাবি, অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী আপসহীন অবস্থান নিয়েছেন।

গত ১৭ থেকে ১৮ বছরের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় ছিল। তিনটি নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ধারণা থেকে সন্ত্রাস ও দুর্নীতির বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, ক্ষমতা ছাড়ার আগে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং সাবেক ক্ষমতাসীন দলের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছেন।

দুর্নীতি দমনের বিষয়ে স্পিকার আশা প্রকাশ করেন, সরকার দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আইনানুগ পদক্ষেপ নেবে। পাশাপাশি অতীতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ীদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মানুষ সরকারের পাশাপাশি সরকারপ্রধানেরও সমালোচনা করতে পারছেন। তবে সমালোচনা হতে হবে ন্যায্য ও গঠনমূলক। আওয়ামী লীগের শাসনামলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাধারণ মানুষ যেন হয়রানি ও চাঁদাবাজির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান স্পিকার। লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, এ বিষয়ে পুলিশ ও প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। দলের বড় কোনো নেতা মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাঁকে আইনের আওতায় আনতে হবে।

সর্বশেষ - অপরাধ