ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণসহ স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি রয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা ও রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্রের কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। এ বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।
তবে সভা শেষে কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হলে ইউপি নির্বাচনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


















