রবিবার , ১১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

Spread the love

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত প্রকল্পটি।

রোববার (১১ অক্টোবর) বেলা ৩টা ৩৪ মিনিটে প্রথম ইউনিটে এ পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রক্রিয়ার মাধ্যমে রিয়্যাক্টর প্রাথমিক ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ পর্যায়ে প্রবেশ করেছে। এটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ। রিয়্যাক্টরের ভেতরে নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশনের মাধ্যমে ইউরেনিয়াম পরমাণু বিভাজিত হয়ে তাপশক্তি উৎপন্ন করে। পরবর্তী ধাপগুলোতে এ তাপশক্তি কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি এবং শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জানান, প্রয়োজনীয় কমপ্লায়েন্স নির্দেশিকা, কারিগরি পরামিতি ও বাহ্যিক সনদপত্র যাচাইয়ের পর প্রক্রিয়াটি শুরু করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বিক্রিয়া সম্পন্ন হয়েছে এবং রিয়্যাক্টরের সব পরামিতি কাঙ্ক্ষিত সীমার মধ্যে ছিল।

গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন দেয়। এর আগে স্বয়ংক্রিয় চাপ নিয়ন্ত্রণকারী নিরাপত্তা ভালভে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় কাজটি পিছিয়ে যায়। পরে রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয় বলে প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও নিয়ন্ত্রক অনুমোদন প্রয়োজন। ফার্স্ট ক্রিটিক্যালিটির পর রিয়্যাক্টরের কার্যক্রম পর্যবেক্ষণ, নিরাপত্তা পরীক্ষা এবং ধাপে ধাপে শক্তি বাড়ানোর কাজ চলবে।

প্রকল্প কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, সব পরীক্ষা পরিকল্পনামতো এগোলে প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা প্রকাশ করেছে। তবে নির্ধারিত সময়ে উৎপাদন শুরু হওয়া নির্ভর করবে পরবর্তী পরীক্ষা, নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় অনুমোদনের ওপর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত