দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। আগে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। ফলে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটারে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
বুধবার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকমুক্ত) ১ দশমিক ১৮৮২ ডলার। আগে এ দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।


















