প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো নিজের নানাবাড়ির জেলা ফেনীতে সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানী ঢাকার গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে তাঁর বিশাল গাড়িবহর ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এই আসন ও অঞ্চলের নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের এ সফর ঘিরে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিটে পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ৩০ মিনিটে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং ২টায় ফুলগাজী ডাকবাংলো থেকে রুফটপ সোলার বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টা ৩০ মিনিটে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় সেবাদানকারীদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। দিনব্যাপী একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি সম্পন্ন করে আজ সন্ধ্যােই তাঁর রাজধানীতে ফেরার কথা রয়েছে।


















