রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ভারতে অবস্থান করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ সৃষ্টি করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা নিয়মিতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

তলবকালে বাংলাদেশ পক্ষ থেকে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের লক্ষ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

এ সময় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব ব্যক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়।

এ ছাড়া, সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারত সরকারের সহযোগিতা কামনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কেউ যদি এরই মধ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে ঢাকা।

তলবকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা। এ লক্ষ্যে তার দেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত