ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগে নতুন গতি এসেছে। ১২টি আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
এলওআই পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচ প্রতিষ্ঠান হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কোরি ডিজিটাল এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
২০২৫ সালে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে একাধিক প্রতিষ্ঠান আবেদন করে। প্রকাশিত আবেদনকারীদের তালিকায় বিকাশ, রবি, বাংলালিংক-স্কয়ারসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে দুটি ডিজিটাল ব্যাংক—নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি—অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, লেটার অব ইনটেন্ট বা এলওআই হলো যোগ্য আবেদনকারীকে দেওয়া একটি আনুষ্ঠানিক ও শর্তসাপেক্ষ অনুমোদনপত্র। এর মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম শুরু করার সুযোগ পাওয়া যায়।


















