ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দিলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গ্রেপ্তারের পর তাকে কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে অবস্থান করে কী বক্তব্য দিচ্ছেন, সেটি বিবেচনার বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের দেশে ফেরাতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে।
মক্কা প্যাক্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, নতুন কোনো ফোরাম বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো জোটে যুক্ত হলে তা দেশের জাতীয় স্বার্থে কতটা উপকারী হবে, সেটিও বিবেচনা করা হবে।
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, জেলার পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















