ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভোটার স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
ভোটার স্থানান্তরের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে আবেদনটি অনুমোদন করে।
ফলে ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম অন্তর্ভুক্ত হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন।
ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত রয়েছে ডিএসসিসির ৮ থেকে ১৩ এবং ১৯ থেকে ২১ নম্বর ওয়ার্ড। আসনটিতে মোট ভোটার ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।
নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে অল্প ব্যবধানে তিনি পরাজিত হন।


















