সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ির কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে তারা বাড়িটির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ পাওয়া যায়। তিনি জানান, নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক আলামত ও তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।


















