গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ি এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে গোডাউনের কর্মচারী ও স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন।
কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


















