নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ কার্ডে সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির দরবার হলে আগমনের কথা উল্লেখ করা হয়েছে।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
এর আগে গত ২৪ জুলাই আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন সংসদকক্ষে ফলাফল ঘোষণা করেন। পরে রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। এরপর ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।


















