ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার একাধিক কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিকাল ৩টা থেকে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টায় শাহবাগে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ও দাবির বিস্তারিত তুলে ধরবে সংগঠনটি।
রোববার রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বিপুল জনসমর্থনের মধ্য দিয়ে ঘোষিত তাদের দুই দফা দাবির কোনোটি এখনো বাস্তবায়ন হয়নি। সংগঠনটির অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে ব্যাখ্যা দেননি এবং হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়নি। বরং অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করা হয়েছে।
এরপর রাত ১০টা ৫৪ মিনিটে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। রাত সোয়া ১১টার দিকে আরেকটি পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, তারা ‘খুনিকে জীবিত গ্রেফতার’ দেখতে চায় এবং কোনো ‘বন্দুকযুদ্ধের নাটক’ গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালন করা হবে।



















