জনবলসংকটের কারণে সিলেটে তৃণমূল পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের তথ্যানুযায়ী, পুরো বিভাগে মঞ্জুরীকৃত ৮,৪১১টি পদের বিপরীতে ৩,৫৫৬টি পদই শূন্য রয়েছে, যা মোট পদের প্রায় অর্ধেকের কাছাকাছি। বিভাগের ৯৫৩টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৫৪টিতে প্রধান সেবাদানকারী ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ (সিএইচসিপি) পদটি খালি পড়ে আছে। সিএইচসিপির অনুপস্থিতির কারণে প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ২৮ প্রকার ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে।
বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংকট সুনামগঞ্জে, যেখানে ২২টি সিএইচসিপিসহ মোট ১,১৪৪টি পদ শূন্য। এছাড়া সিলেটে ১,০৯১টি, হবিগঞ্জে ৭৬১টি এবং মৌলভীবাজারে ৫৬০টি পদ খালি রয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও এমবিবিএস ডাক্তারের বদলে স্বাস্থ্যসহকারী দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। চাকরির অনিশ্চয়তার কারণে অনেকে সিএইচসিপি পদ ছেড়ে দেওয়ায় এ সংকট তৈরি হয়েছে জানিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মো. নূরে আলম শামীম জানান, ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট’-এর অধীনে দ্রুত এসব শূন্য পদ পূরণ ও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।


















