মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সামরিক সংঘাত ও নৌ-অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে তীব্র উল্লম্ফন ঘটেছে। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হোরমুজ প্রণালি সম্পূর্ণরূপে বন্ধের ইরানি ঘোষণা এবং লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হুথি বিদ্রোহীদের হামলার খবরের পর এশীয় বাজারে অপরিশোধিত তেলের দাম গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৩ শতাংশ বা ২.২ ডলার বেড়ে ৯৬.২৭ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই (WTI) ক্রুডের দাম ১.৯ শতাংশ বেড়ে ৮৮.৪৮ ডলারে দাঁড়িয়েছে।
পরিস্থিতি জটিল রূপ নেয় যখন ইরানের বিপ্লবী গার্ডস কোর (আইআরজিসি) দাবি করে, হোরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন সামরিক হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো তেলবাহী জাহাজ সেখানে প্রবেশ বা বের হতে পারবে না। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মানদেব প্রণালী ও লোহিত সাগরে সৌদি তেলের জাহাজে হামলা চালিয়েছে এবং সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, বিশ্বের প্রধান দুটি সমুদ্রপথ একযোগে বাধাগ্রস্ত হলে দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ থমকে গিয়ে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন কঠোর হুশিয়ারি দিলেও মধ্যপ্রাচ্যের পুরো জ্বালানি খাত ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স


















