শনিবার , ৩০ মে ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

Spread the love

বর্জ্য ব্যবস্থাপনায় মারাত্মক গাফিলতির দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে চরম অবহেলার অভিযোগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটির আরও ছয়জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রী নিজেই রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনে বের হয়ে এই সিদ্ধান্ত নেন। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার বিভিন্ন সড়কে বর্জ্য অপসারণের অবস্থা সন্তোষজনক না হওয়ায় এবং আবর্জনার স্তূপ জমে থাকতে দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে এই কড়া নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের সময় তাঁর সঙ্গে গাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম। মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, অভিযুক্ত দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সড়কে ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের ড্রেন বা স্থান পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদেরও প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা পদে মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান। প্রধানমন্ত্রীর এই কঠোর ও আকস্মিক নির্দেশনার পর সিটি করপোরেশনের প্রশাসনিক স্তরে এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত