পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই এবং এই অপকর্মের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন যে, বাহিনীর চেইন অব কমান্ড ও শৃঙ্খলা রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না।
আধুনিক যুগের অপরাধের ধরন পরিবর্তনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে। এছাড়া পুলিশের পেশাদারিত্ব বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে একটি হবে এলিট ফোর্সের জন্য। এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আলাদা আইন প্রণয়নের পরিকল্পনাও রয়েছে সরকারের। পাশাপাশি পুলিশের অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে ‘বডিওর্ন ক্যামেরা’র ব্যবহার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে পুলিশের সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ ক্লিয়ারেন্স ও অনলাইন জিডিসহ সব ধরনের সেবা দ্রুত সময়ে দেওয়ার নির্দেশ দেন এবং থানাকে সেবার মূল কেন্দ্রে পরিণত করার আহ্বান জানান। এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন এবং একটি পূর্ণাঙ্গ পুলিশ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। তিনি স্মরণ করিয়ে দেন যে, ৩১ দফার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, তাই মানবাধিকার লঙ্ঘন না করে কৌশলী পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমন করতে হবে।



















