যুক্তরাষ্ট্র পুনরায় কোনো হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর মতো রণতরীগুলোকেও ধ্বংস করার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) উদ্দেশ্য করে বলেন, ওয়াশিংটন যদি ইরানের অবকাঠামো লক্ষ্য করে কোনো ‘স্বল্পমেয়াদী’ হামলা চালায়, তবে তেহরানের পাল্টা আঘাত হবে অত্যন্ত ‘দীর্ঘমেয়াদী ও বেদনাদায়ক’। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন নৌ-বহরগুলো এখন ইরানের লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে এবং আগ্রাসন চালানো হলে সেগুলোর পরিণতি হবে ভয়াবহ।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক কর্মকর্তাদের কাছ থেকে ইরানের বিরুদ্ধে নতুন এক অভিযানের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। এই পরিকল্পনায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া এবং ইউরেনিয়াম মজুদ জব্দের মতো উসকানিমূলক পদক্ষেপের প্রস্তাব রয়েছে। ট্রাম্প নৌ-অবরোধের ওপর গুরুত্ব দিলেও সামরিক অভিযানের বিকল্পটি টেবিলে রেখেছেন। এর জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে, যেকোনো ধরনের মার্কিন অ্যাডভেঞ্চারিজমের চড়া মূল্য দিতে হবে এবং তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
সূত্র: প্রেস টিভি



















