২০ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই সফরকে ঘিরে গাজীপুরের পাঁচটি উপজেলা ও মহানগরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মহানগর বিএনপি আয়োজিত এই জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলীয় নেতারা। জনসভা সফল করতে মঞ্চ নির্মাণ ও নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবকসহ মেডিকেল টিম গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জনসভাস্থল ও প্রবেশপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এর আগে তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে জনসভা করে উন্নয়নের ‘৩১ দফা’ তুলে ধরেছেন, যা আজ গাজীপুরবাসীর সামনেও বিস্তারিত ব্যাখ্যা করবেন বলে জানা গেছে।



















