আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে কঠোর পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার সেনা সদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর ধৈর্য ও ভূমিকার প্রশংসা করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















