অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগের কোনো অভাব নেই। আজ সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে গণভোট সংক্রান্ত এক জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা স্পষ্ট করে জানান যে, প্রশাসন কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষ নেবে না এবং সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তিনি আরও যোগ করেন, সরকার কোনো নির্দিষ্ট প্রার্থীর সঙ্গে নয়, বরং জনগণের সঙ্গে কথা বলছে যাতে সবাই সমান সুযোগ পায় এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি এবং আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সভা-সমাবেশ বা আন্দোলনের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। তবে প্রচারণা শুরুর পর কেউ নিয়ম ভঙ্গ করে সভা-সমাবেশ করলে সে বিষয়েও কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এবং সেনাবাহিনীর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোট সফল করতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।



















