বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, তাতে বিএনপি গভীর উদ্বিগ্ন। দলের বহু নেতাকর্মী হত্যার শিকার হলেও সরকার এখনও পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে নির্বাচনের সময় যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশার কথাও জানান বিএনপি মহাসচিব।
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অতীতেও ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি এবং ভবিষ্যতেও ফেলবে না।
এ সময় তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবহেলিত জনপদ নিয়ে যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করবেন। উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।



















