যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ওপর ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপের সিদ্ধান্তকে দুঃখজনক হলেও অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিবাসনসংক্রান্ত সমস্যায় থাকা বহু দেশই এ তালিকায় রয়েছে।
তিনি জানান, এটি নতুন কোনো নীতি নয় এবং দীর্ঘদিন ধরেই কার্যকর রয়েছে। তাই এ সিদ্ধান্তের দায় বর্তমান সরকারের ওপর চাপানো যায় না। অনিয়মিত অভিবাসন বন্ধ করাই এ সমস্যার একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে এবং বাংলাদেশকে এ সিদ্ধান্ত থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড আরোপ করা হয়েছে, যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।



















