ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঘটনায় জড়িতদের নাম ও ঠিকানা উন্মোচিত করা হবে।
ডিএমপি কমিশনার জানান, সরকার পুলিশ, বিজিবি, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা বের করার নির্দেশ দিয়েছে। তদন্তে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত মামলার তদন্তে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া, স্ত্রীর বড় ভাই শিপু এবং গার্লফ্রেন্ড মারিয়াও রয়েছেন।
হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অস্ত্রগুলো বর্তমানে সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। পাশাপাশি ডিবি পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে।
ডিএমপি কমিশনার আরও জানান, এই হত্যাকাণ্ডের পেছনে বিপুল অর্থ ব্যয়ের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে ২১৮ কোটি টাকার সই করা একটি চেক উদ্ধার করা হয়েছে। এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, নেপথ্যে কারা রয়েছে তা চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।



















