উন্নত চিকিৎসায় মেডিকেল বোর্ড, তবে নতুন করে অবনতি হয়নি; সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপার্সন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) টানা দ্বিতীয় দিনের মতো চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি বলে জানা গেছে। তবে আশার কথা, নতুন করে কোনো অবনতিও দেখা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, সর্বোচ্চ পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করছে এবং চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।
শুক্রবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ করেননি, বাইরে থেকেই তার খোঁজ নিয়ে ফিরে আসেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ম্যাডামের অবস্থার উন্নতি নেই। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন।”
বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনো সিসিইউতে আছেন এবং তার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন।
চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এবিএম আব্দুস সাত্তার দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “ম্যাডামের অবস্থা ভালো নয়। সবাই দোয়া করবেন।”
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গুলশানের বাসভবন থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে। হাসপাতালে সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান।



















