মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের উপস্থিতি রোধে অভিযান চালিয়ে ১২৪ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশিসহ পাকিস্তান, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশী তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
অভিযান সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কিছু বিদেশি নাগরিক দ্রুত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন।
এই অভিযানে মোট ২০৫ জনের নথি যাচাই করা হয়। বৈধ নথি দেখাতে ব্যর্থ ১২৪ জনকে আটক করা হয়। তাদের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। অভিযানটি মূলত লাইসেন্সবিহীন ব্যবসা, অবৈধ শ্রমিক নিয়োগ এবং বৈধ নথিপত্রবিহীন বিদেশি নাগরিকদের উপস্থিতির অভিযোগে চালানো হয়েছে।
অভিযানের অংশ হিসেবে ডিবিকেএল ছয়টি লাইসেন্সবিহীন ব্যবসার জরিমানা আরোপ করে এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেয়। কেপিডিএন ব্যবসায় মূল্য ট্যাগিং সংক্রান্ত সাতটি অপরাধের জন্য মোট সাড়ে ৬ হাজার রিঙ্গিত জরিমানা করেছে। এছাড়া ১১৫টি প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করে ২৫টি অপরাধ নথিভুক্ত করা হয়েছে, যার জরিমানা ৫০০ থেকে ৩০ হাজার রিঙ্গিত পর্যন্ত হতে পারে।
বিডি প্রতিদিন/কামাল



















