মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপে পড়েছে ইউক্রেন। পরিকল্পনাটি না মানলে ওয়াশিংটনের সমর্থন হারানোর ঝুঁকি, আর মানলে দেশের মর্যাদা ও স্বাধীনতা বিসর্জনের আশঙ্কা—এই দুই সংকটের মাঝে দাঁড়িয়েছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ট্রাম্পের প্রস্তাব তাদের “মহান সংকটে” ফেলেছে। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কিয়েভকে এক সপ্তাহের মধ্যেই পরিকল্পনা মেনে নিতে হবে এবং বৃহস্পতিবারই ছিল উপযুক্ত সময়সীমা। তিনি আরও বলেন, শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি, তাই সময় খুব কম।
ওভাল অফিসে জেলেনস্কিকে তিনি বলেছেন, “তোমার হাতে কার্ড নেই।”
শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি জানান, এখন ইউক্রেনকে হয় মর্যাদা হারাতে হবে, নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হবে। তিনি বলেন, দুইটি মূল্যবান বিষয়—মর্যাদা ও স্বাধীনতা—রক্ষায় তিনি লড়াই চালিয়ে যাবেন।
রয়টার্স জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন—ইউক্রেন প্রস্তাব না মানলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে।
সূত্র: রয়টার্স



















