জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে সন্ত্রাসবাদ প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে তিনি এ বক্তব্য দেন। তার আগে বুধবার তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টাদের মধ্যে এটি দ্বিতীয় দিল্লি সফর। ফেব্রুয়ারিতে ভারতের ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সফর করেছিলেন।


















