অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা গণভোটসহ অন্যান্য অসংগত বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করে সরকারকে জানায়। এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে।
আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি জানান, সভায় জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজন ও এর বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক দলের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য লক্ষ্য করা গেছে। এই অবস্থায় কালক্ষেপণ এড়াতে সরকার সকলকে সতর্ক করেছে।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আমরা কোনো আল্টিমেটাম দিইনি। আহ্বান জানিয়েছি। যদি দলগুলো আলোচনায় ব্যর্থ হয়, তাহলে সরকার সরকারের মতো ব্যবস্থা নেবে। তবে আমরা আশা করি দলগুলো নিজস্ব উদ্যোগে আলোচনা করে একমত হবে।”
তিনি আরও বলেন, “এই রাজনৈতিক দলগুলো ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একত্রে কাজ করেছে। তারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে পারে, তবে সরকারের কাজ সহজ হবে। না দিলে সরকার অবশ্যই সিদ্ধান্ত নেবে।


















