প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জনআকাঙ্ক্ষার পরিপন্থী কোনো পদক্ষেপ নেবে না সরকার, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকার জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে বৈষম্যমুক্ত, ন্যায়ানুগ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। নতুন অভিযাত্রায় যেকোনো পদক্ষেপ গ্রহণের সময় গণমানুষের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। কোনো ইস্যুতে সমাজে বিশৃঙ্খলা বা জনরোষ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে সরকার তা বিবেচনায় রাখবে।
তিনি আরও জানান, প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্লাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত স্নাতক ডিগ্রিধারীদেরও সমান সুযোগ দেওয়া হচ্ছে।
সাক্ষাৎকালে দুই উপদেষ্টা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ও শিক্ষক নিয়োগ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন


















