টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডেতে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।
প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৭ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে মিরাজ করেন ৬০ ও তাওহিদ হৃদয় ৫৬ রান। তানজিদ, শান্ত ও সাইফ হাসান দ্রুত ফিরলে চাপে পড়ে দল। মিরাজ-হৃদয় জুটি ১০১ রান যোগ করে ইনিংসকে টেনে তোলেন।
আফগানদের হয়ে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই নেন ৩টি করে উইকেট। এই ম্যাচেই রশিদ তার ২০০তম ওয়ানডে উইকেটের মাইলফলক স্পর্শ করেন—স্পিনারদের মধ্যে বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসেবে।
রান তাড়ায় গুরবাজ ও রহমত শাহর ফিফটি, এরপর ওমরজাই (৪০) ও হাশমতউল্লাহ শহিদির (৩৩)* শান্ত ইনিংসে সহজ জয় পায় আফগানিস্তান।
দুই দল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শনিবার (১১ অক্টোবর) একই ভেন্যুতে।



















