ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক ও অটুট। দুই দেশের মানুষের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিনিময় সম্পর্ককে আরও গভীর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাইকমিশনার জানান, বর্তমানে মেডিকেল ভিসা চালু রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভারতীয় ভিসা প্রদানের কার্যক্রম শুরু করা হবে।
প্রণয় কুমার ভার্মা উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি কুমুদিনীতে সপ্তমী পূজা উদযাপনে এসেছেন। এ উৎসব দুই দেশের মানুষের জন্য আনন্দ ও কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করেন।
এ সময় কুমুদিনী হোমস কর্তৃপক্ষ তাকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করে। পরে ফুল দিয়ে হাইকমিশনারকে বরণ করা হয়।
অনুষ্ঠানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতারা আশা প্রকাশ করেন, ভারতীয় হাইকমিশনারের টাঙ্গাইল সফর দুই দেশের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।


















