জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেলের প্রার্থীরা এ ঘোষণা দেন। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে সম্প্রীতির ঐক্য প্যানেলের জিএস প্রার্থী শরণ এহসান বলেন, ভোটে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীদের আস্থা নষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেন, ব্যালট বাক্স নিয়ে হট্টগোল, রাত ২টায় আকস্মিক পোলিং এজেন্ট ঘোষণার ফলে প্রার্থীরা প্রতিনিধি দিতে পারেননি। নারী হলে পুরুষ প্রার্থীর প্রবেশ, ভোটার তালিকায় ছবি অনুপস্থিতি, আঙুলে কালির দাগ না দেওয়া এবং ভোটারদের নাম বাদ যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
তার দাবি, নির্বাচন কমিশনের ব্যর্থতা ও প্রশাসনের পক্ষপাতের কারণে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই দ্রুত নতুন তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচন দিতে হবে।
এর আগে ছাত্রদল সমর্থিত প্যানেলও অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে।



















