ইরানের সামরিক ড্রোন তৈরিতে সহায়তা করার অভিযোগে পাঁচটি বিদেশি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (স্থানীয় সময়) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তি ইরানের সামরিক ড্রোন ‘আবাবিল’ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলো— ইরানি প্রতিষ্ঠান ‘কন্ট্রোল আফজার তাবরিজ’ এবং এর পরিচালক জাভাদ আলিজাদেহ হোশ্যার, হংকংভিত্তিক ‘ক্লিফটন’, তাইওয়ানের ‘মেকাট্রন’, চীনের ‘গুমার্স’ ও এর সহযোগী প্রতিষ্ঠান ‘চ্যাংঝু গুমার্স’।
মার্কিন প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের রাষ্ট্রায়ত্ত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি’র (HESA) সরাসরি অংশীদার।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “এই নিষেধাজ্ঞা শুধু ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করাই নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমানো এবং আমাদের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত করাও উদ্দেশ্য।” তিনি এটিকে সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এর আগেও ইরান ও রাশিয়ার ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’কে কেন্দ্র করে একটি বড় আকারের তেল পরিবহন চক্রের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের অভিযোগ, ইরান বিভিন্ন দেশের প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহার করে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, যা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



















