শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইউক্রেনীয় হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

ইউক্রেনের হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো এই তথ্য নিশ্চিত করেছেন। গুদকভ ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া রাশিয়ার অন্যতম উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

গুদকভ রুশ নৌবাহিনীর উপপ্রধানের পাশাপাশি ইউক্রেনে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন। গভর্নর কোজেমিয়াকো গুদকভকে “দৃঢ় মনোবলের সাহসী সৈনিক” হিসেবে আখ্যায়িত করে বলেন, কর্তব্য পালনের সময় তিনি তাঁর সহযোদ্ধাদের সঙ্গে শহীদ হয়েছেন। তবে তাঁর মৃত্যুর ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি গভর্নর।

বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গুদকভের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, কুরস্ক অঞ্চলে সংঘর্ষে তিনি প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুদকভকে উপ-নৌসেনা প্রধান হিসেবে নিয়োগ দেন, যার দায়িত্ব ছিল উপকূলীয় ও স্থলভিত্তিক বাহিনীগুলোর তত্ত্বাবধান। সে সময় পুতিন বলেছিলেন, গুদকভের যুদ্ধ-অভিজ্ঞতা অন্যান্য ইউনিটেও কাজে লাগানো প্রয়োজন, তাই তাঁর ওপর আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনের সামরিক বাহিনী এর আগেই গুদকভ এবং তাঁর সাবেক ১৫৫তম নৌবাহিনী ব্রিগেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিল। তাদের দাবি ছিল, ইউক্রেনের বুচা, ইরপিন ও গোস্তোমেল শহরে বেসামরিক মানুষ হত্যা এবং যুদ্ধাপরাধে গুদকভ জড়িত ছিলেন। পাশাপাশি, ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর অভিযোগ ছিল, ওই ব্রিগেড ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের প্রকাশ্যে হত্যা করেছিল। রাশিয়া অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, যদিও ইউক্রেন এবং আন্তর্জাতিক মানবাধিকার তদন্তকারীদের হাতে যুদ্ধাপরাধের একাধিক প্রমাণ রয়েছে। (সূত্র: সিএনএন, বিবিসি)

সর্বশেষ - অপরাধ