আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার মাধ্যমে এই ঈদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য পাঁচ জোড়া (১০টি) বাড়তি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো যথারীতি চলবে এবং এ সময়ে তাদের সাপ্তাহিক বন্ধের দিন (ডে অফ) বাতিল করা হয়েছে। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে দুই দিনে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা সহ সকল প্রধান স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ এবং র্যাবের সমন্বয়ে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিশেষ ট্রেন ও কোরবানির পশু পরিবহন:
রেলওয়ে সূত্রে জানা গেছে, এবারের ঈদযাত্রায় পাঁচটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুই জোড়া ট্রেন নির্ধারিত রয়েছে।
এছাড়া, কোরবানির পশু পরিবহনের জন্য দুটি রুটে তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে:
- ক্যাটল স্পেশাল-১: আগামী ২ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ৩ জুনও এই রুটে আরেকটি স্পেশাল ট্রেন চলবে।
- ক্যাটল স্পেশাল-২: ২ জুন বিকাল ৩টা ৪০ মিনিটে ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।



















