বুধবার , ২১ মে ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

একটি বড় দল অপরিণত আচরণ করছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে সৃষ্ট সংকটের জন্য বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) দায়ী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ইসির পুনর্গঠন চেয়ে বুধবার (২১ মে) দুপুরে আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “একটা বৃহৎ রাজনৈতিক দল ও প্রতিষ্ঠিত দল হিসেবে যে ম্যাচিউরিটি (পরিপক্বতা) জনগণ তাদের কাছ থেকে আশা করে, তারা সেটা দেখাচ্ছে না।” তিনি ইশরাক সমর্থকদের শাহবাগ বন্ধ করা, নগর ভবন ঘেরাও এবং যমুনা ঘেরাওয়ের হুমকির মতো বিষয়গুলো উল্লেখ করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ করেন। তিনি সবাইকে এই ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, ইশরাকের শপথ সংকট সরাসরি ইসি তৈরি করেছে, কারণ তারা এই মামলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং আপিলও করেনি। তার মতে, ইসি একটি দলের পক্ষ নিচ্ছে, যার ফলে জাতীয় বা যেকোনো নির্বাচনে তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না। তিনি ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান।

জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমরা কেউই জাতীয় নির্বাচনের বিরোধিতা কখনো করিনি।” তিনি প্রধান উপদেষ্টার দেওয়া ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সমর্থন করে এই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে বলে উল্লেখ করেন। তবে তিনি বিচার ও সংস্কারের মাধ্যমে একই সঙ্গে গণপরিষদ নির্বাচন করার কথা বলেছেন।

এনসিপির এই শীর্ষ নেতা মনে করেন, স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, এর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশন কতটা সক্ষম, সেটাও প্রমাণ হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইসিকে ‘দলীয় মুখপাত্র’ হিসেবে উল্লেখ করে তাদের দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি ইশরাক সমর্থকদের বিক্ষোভের কারণে জনগণ নগর ভবনে সেবা না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন লিখিত বক্তব্যে বলেন, “২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী।” তিনি ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, ইসি এই মামলায় একতরফা রায় দিয়েছে এবং উচ্চ আদালতে প্রতিকার চায়নি, যা একটি দলের প্রতি বিশেষ সুবিধা দেওয়ার ইঙ্গিত দেয়।

সর্বশেষ - অপরাধ