আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চূড়ান্ত তালিকায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি এবং বাগেরহাটে একটি কমিয়ে মোট তিনটি আসন রাখা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি জানান, নতুন সীমানা সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে গত ১৬ জুলাই ভূগোলবিদ, নগরবিদ ও পরিসংখ্যানবিদসহ নয় সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়। তারা দেশের সব আসন পর্যালোচনা করে প্রস্তাবনা দেয়।
এরপর ৩০ জুলাই প্রকাশিত খসড়ায় ২৬১ আসনের সীমানা বহাল রেখে ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়। এর মধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলার আসন পুনঃনির্ধারণ করা হয়েছে।
গাজীপুরে আসন বেড়ে হয়েছে ৬টি, আর বাগেরহাটে কমে দাঁড়িয়েছে ৩টি।
সীমানা পরিবর্তন নিয়ে আপত্তি ও সুপারিশের জন্য ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ইসির তথ্য অনুযায়ী, মোট ১,৮৯৩টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ১,১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি ছিল সুপারিশ।



















