নিখোঁজ হওয়ার পরদিন রাজধানীর উত্তরা থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান।
তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
ফিরোজ উদ্দিন বলেন, তাহসিফ সপরিবারে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে ছিল হালকা দাড়ি।
পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি বলে নিশ্চিত হওয়া যায়। তাঁর বাসা রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে।


















