বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতের বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ কেউ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা পাশের একটি গ্রামের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে রামপুর শ্যামচ গ্রামের কাছে গঙ্গা নদীর মাঝপথে হঠাৎ নৌকাটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল। নদীতে ডুবুরি নামিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানো হয়। এ সময় একে একে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।

বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, নৌকাডুবিতে এখন পর্যন্ত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, নৌকাডুবির কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিলেন কি না এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ