বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, সরাসরি বিমান যোগাযোগ চালু এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।
সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
ভিসা ও সরাসরি বিমান যোগাযোগ
বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ায় অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়।
দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।
বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
বৈঠকে তৈরি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।


















