জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয়—এমন মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন। এর আগে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যেও জাতিসংঘের কার্যকারিতা ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে তা চিহ্নিত করতে হবে। যেসব ক্ষেত্রে বর্তমান ব্যবস্থা আর কার্যকর নয়, সেসব জায়গায় সংস্কার আনতে হবে।
তিনি বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’ জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় শিল্প খাতের নেতা, তরুণ পরিবর্তনকারীসহ আরও বেশি অংশীজনের কণ্ঠ যুক্ত করার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের ক্ষেত্রে যথেষ্ট সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের থিমও ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। খলিলুর রহমান তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, জাতিসংঘের সীমাবদ্ধতা থাকলেও বিশ্বে এর প্রয়োজনীয়তা অটুট এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও উপযোগী করে তুলতে হবে।
এভাবেই সংস্কার, জবাবদিহি ও অংশগ্রহণ বাড়িয়ে জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।


















