জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ইউএনজিএ অধিবেশনের প্রেক্ষাপটে আয়োজিত এ বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক অংশীদারত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে। একই সঙ্গে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়।
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক জনহিতকর ও মানবিক সংস্থাগুলোর সহযোগিতার সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও মানবিক সংকট মোকাবিলায় অংশীদারত্ব বাড়ানোর বিষয়টি এ ধরনের সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর প্রথম ভাষণ।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক গুরুত্ব পাচ্ছে।


















