মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিউইয়র্কের হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিউইয়র্কে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের অনেকে বিমানবন্দর ও হোটেলের আশপাশে জড়ো হন। তারা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা রয়েছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে পররাষ্ট্র সচিব জানিয়েছেন।

সফরসূচিতে যেসব কর্মসূচি

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের স্বাগত প্রাতরাশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিন ইউএনজিএর উদ্বোধনী পর্বে যোগ দেবেন তিনি। এছাড়া বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা ও সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব আয়োজনে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এদিনই জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের বিভিন্ন পর্যায়ে কুয়েতের যুবরাজ এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট, মেটা এবং অন্যান্য ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি সূচি অনুযায়ী, এমিরেটসের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন এবং ২৭ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরের মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তাঁর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার ঘটনা ঘটতে যাচ্ছে। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।

সর্বশেষ - অপরাধ