যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননের কুফার রুমমান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছেন। পৃথক একটি হামলায় একজন প্যারামেডিকও নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কুফার রুমমানে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১১ জন নিহত হন। পরে একটি গাড়িতে হামলা চালানো হলে সেখানে থাকা একজন প্যারামেডিক নিহত হন।
হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী হামলাগুলোকে হিজবুল্লাহর সদস্য ও অস্ত্র পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান হিসেবে বর্ণনা করেছে। তবে হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলতি বছরের ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৬২ জন নিহত এবং ১২ হাজার ৩৭৮ জন আহত হয়েছেন।
এদিকে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে সংঘাতকে কেন্দ্র করে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯২৯ জন এবং আহত হয়েছেন ৩০ হাজার ৬১৪ জন।
যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক হামলাকে অঞ্চলটিতে চলমান উত্তেজনার অন্যতম গুরুতর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা


















