রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘লংমার্চের গাড়িগুলো পানি নাকি তেলে চলে’, প্রশ্ন শামা ওবায়েদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

বিরোধী দলের লংমার্চে বিশাল গাড়িবহর নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ। তিনি বলেন, একদিকে বিরোধীরা দেশে তেল-গ্যাসের সংকটের কথা বলছে, অন্যদিকে হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে। এসব গাড়ি তেলে চলে, নাকি পানিতে—এমন প্রশ্নও তোলেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিরোধী দলও সরকারের অংশ। তাই লংমার্চ আয়োজনের পেছনে যে ব্যয় হচ্ছে, তার হিসাব জনগণের জানার অধিকার রয়েছে। জ্বালানি সংকটের সময়ে বিপুল গাড়িবহর নিয়ে কর্মসূচি পালন না করে সংসদে এসে দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, লংমার্চ না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধী দল কর্মসূচি পালন করছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপি সরকারের মাধ্যমেই তা বাস্তবায়ন করা হবে।

বিরোধী দলের প্রতি ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, সরকারি ও বিরোধী দল একসঙ্গে মাঠে থেকে জনগণের কল্যাণে কাজ করতে পারে। সংসদে নিয়মিত উপস্থিত হয়ে দাবি-দাওয়া উত্থাপন করলে তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। তাই লংমার্চ করে জ্বালানি অপচয় না করে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।

দেশে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কৃষকদের মধ্যে সারের সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই।

জ্বালানি খাতের সংকটের জন্য বিগত সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, দীর্ঘ সময় ধরে জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজনীয় উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি এবং দেশের মজুত গ্যাস উত্তোলনের ক্ষেত্রেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আর্থিক ও জ্বালানি খাতের অনিয়ম কয়েক মাসের মধ্যে দূর করা সম্ভব নয়। পাশাপাশি গত দেড় বছরেও এ খাতের উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিচার বিভাগ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। বিগত সরকারের আমলে সংঘটিত অপরাধের প্রকৃত দায়ীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার হয়েছে এবং তাদের দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে। যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া উচিত। তবে যারা কোনো অন্যায় বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাদের যেন অন্যায়ভাবে হয়রানি বা বিচার করা না হয়—সেদিকেও গুরুত্ব দিতে হবে।

এর আগে নগরকান্দা মাহেন্দ্র নারায়ণ একাডেমি-সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন শামা ওবায়েদ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নেন তিনি। শোভাযাত্রাটি মাহেন্দ্র নারায়ণ একাডেমি চত্বর থেকে শুরু হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে ভূমি অফিস-সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ