মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের সংকটের পাশাপাশি কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। আগস্টের শেষ দিনেও ভয়াবহ লোডশেডিংয়ের মুখোমুখি হয়েছেন গ্রাহকেরা। রবিবার রাত ২টায় লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে পৌঁছায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ২৪২ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হয় ১৩ হাজার ৩৩৮ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল ২ হাজার ৯০৪ মেগাওয়াট, যা মোট চাহিদার প্রায় ১৮ শতাংশ।

এর আগে রাত ১টায় ৩ হাজার ৪২৭ মেগাওয়াট এবং রাত ২টায় ৩ হাজার ৫৯৫ মেগাওয়াট লোডশেডিং হয়। রাত ১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গড়ে প্রায় ২ হাজার ৫০৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ওঠানামার কারণে বিতরণ কোম্পানিগুলোও নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী লোডশেডিং করতে পারছে না।

রবিবারও পরিস্থিতি ছিল ভয়াবহ। ওই দিন দেশে প্রায় ৩৪ কোটি ৪৫ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হলেও চাহিদা ছিল প্রায় ৪১ কোটি ৬০ লাখ ইউনিট। ফলে এক দিনে ৭ কোটি ১৫ লাখ ইউনিটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। অর্থাৎ মোট চাহিদার প্রায় ১৭ দশমিক ২ শতাংশ ঘাটতি ছিল।

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

বিদ্যুৎ উৎপাদনে বড় সংকট তৈরি হয়েছে গ্যাসের ঘাটতির কারণে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট হলেও রবিবার সন্ধ্যায় জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় ২৩২ কোটি ২০ লাখ ঘনফুট। ঘাটতি ছিল প্রায় ১৪৮ কোটি ঘনফুট বা ৩৯ শতাংশ।

এলএনজি সরবরাহে বিঘ্নের পাশাপাশি দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় ঘোড়াশাল, সিদ্ধিরগঞ্জ, মেঘনাঘাট ও আশুগঞ্জের একাধিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বা আংশিক বন্ধ রয়েছে। নতুন এলএনজি কার্গো এলে সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কয়লা ও তেলের সংকটও প্রকট

দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট সক্ষমতা ৮ হাজার ৪২৩ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে প্রায় ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ মেগাওয়াট। পায়রা ও মাতারবাড়ীর একটি করে ইউনিট বন্ধ থাকায় অন্তত ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন কমে গেছে। কয়লার মজুত কম থাকায় রামপাল ও পটুয়াখালীর আরএনপিএল কেন্দ্রও পূর্ণ সক্ষমতায় চলছে না।

গ্যাস ও কয়লার ঘাটতি সামাল দিতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। গত এক সপ্তাহে এসব কেন্দ্রের জন্য অন্তত ২০ হাজার টন ফার্নেস অয়েল সরবরাহ করা হয়েছে। তবে তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি হওয়ায় দীর্ঘমেয়াদে এভাবে সংকট মোকাবিলা করা আর্থিকভাবে কঠিন।

রাজধানীতেও বাড়ছে দুর্ভোগ

বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে রাজধানীতেও। গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, ধানমন্ডি ও উত্তরার মতো এলাকায় দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ রয়েছে। মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার, বাড্ডা, রামপুরা, পুরান ঢাকা ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় দিনে পাঁচ থেকে ছয়বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে।

বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির পানির পাম্প, ফ্যান, ফ্রিজ ও বৈদ্যুতিক চুলা ব্যবহারে সমস্যা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, অনলাইন কাজ এবং ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

শিল্প-কারখানায় বাড়ছে ক্ষোভ

গ্যাস ও বিদ্যুতের সংকটে বস্ত্র, ডায়িং, সিরামিক ও ইস্পাতসহ জ্বালানিনির্ভর শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রমিকদের মধ্যেও অসন্তোষ বাড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এলএনজি সরবরাহে বিঘ্ন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া, কয়লার মজুত সংকট, ফার্নেস অয়েলের ঘাটতি এবং বড় বিদ্যুৎকেন্দ্রের একাধিক ইউনিট বন্ধ—সব মিলিয়েই বর্তমান সংকট তৈরি হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও পায়রা ও মাতারবাড়ীর বন্ধ ইউনিট চালু এবং কয়লা ও তেলের সরবরাহ নিশ্চিত না হলে দ্রুত লোডশেডিং সহনীয় পর্যায়ে নামার সম্ভাবনা কম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আশাবাদী জার্মানি

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ, ছাড় দেওয়ার ইঙ্গিত বিএনপির

তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি

দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

চীনের সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য কমছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: সালাহউদ্দিন আহমদ

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের বিশেষ নির্দেশনা

প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী

জুলাই গণঅভ্যুত্থান মামলায় ক্ষমতাচ্যুত নেতাদের মৃত্যুদণ্ড