বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহ প্রকাশ করার পাশাপাশি ২০২২ সালে স্বাক্ষরিত শ্রম অভিবাসনবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নের জোরালো আশ্বাস দিয়েছে ইউরোপের দেশ গ্রিস। গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস নিশ্চিত করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। ওই বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ, আইনি উপায়ে শ্রম অভিবাসন বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘বোয়েসেল’-এর মাধ্যমে নিরাপদ, স্বচ্ছ ও সাশ্রয়ী খরচে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হয়। তবে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অবৈধভাবে ইউরোপে অনুপ্রবেশ করা ব্যক্তিরা কোনো আশ্রয়ের সুযোগ পাবেন না।
উল্লেখ্য, ২০২২ সালের পূর্ববর্তী সমঝোতা অনুযায়ী প্রতি বছর ৪ হাজার বাংলাদেশি কর্মী গ্রহণ এবং ইতোমধ্যে সেখানে অবস্থানরত প্রায় ১৫ হাজার অনিয়মিত বাংলাদেশিকে বৈধ করার সুযোগ ছিল। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকা এবং দিল্লি কেন্দ্রিক ভিসা প্রক্রিয়াকরণে দালাল চক্রের সক্রিয়তার কারণে ইতিপূর্বে কাঙ্ক্ষিত গতি পায়নি এই চুক্তি। বর্তমানে গ্রিসে রেস্তোরাঁ, কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে ব্যাপক শ্রমিকের চাহিদা তৈরি হওয়ায় এই নতুন উদ্যোগ কার্যকর হলে ঝুঁকিপূর্ণ সাগরপথে ইউরোপে অনুপ্রবেশ কমবে এবং দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে।


















