চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা পরিকল্পিত হত্যা মামলায় গ্রেফতার চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এর আগে, সিআইডির হাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর বিকেলে আসামি ডনকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।
রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানিতে জানান, আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর এলাকা থেকে তাকে সিআইডি গ্রেফতার করে। তিনি সালমান শাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অন্যদিকে, আসামি পক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর মামলাটি দীর্ঘকাল অপমৃত্যু হিসেবে তদন্তাধীন ছিল। পরবর্তীতে গত বছরের ২০ অক্টোবর রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দায়রা জজ আদালতের নির্দেশে রমনা থানায় সালমানের স্ত্রী সামীরা হক, লতিফা হক লুসি এবং অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরিকল্পিত হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্তভার বর্তমানে সিআইডির হাতে রয়েছে।


















