ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত প্রায় ৪৫ মিনিটের এই দীর্ঘ আলাপে পেজেশকিয়ান আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র আবারও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ করতে পারে। তিনি অভিযোগ করেন যে, একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে যুক্তরাষ্ট্র ‘গুণ্ডামিমূলক ও অযৌক্তিক’ আচরণ বজায় রেখেছে, যা তেহরানের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।
ইরানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রগুলোর তথ্যমতে, পেজেশকিয়ান পাকিস্তানি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের দাবিগুলোর মধ্যে ধারাবাহিকতার অভাব এবং বারবার অবস্থান পরিবর্তন তাদের আলোচনার সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনার পর এই অবিশ্বাস আরও ঘনীভূত হয়েছে। তেহরান মনে করছে, ওয়াশিংটন কূটনীতিকে কেবল সময়ক্ষেপণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং যেকোনো সময় পুনরায় হামলা চালানোর অজুহাত খুঁজছে।
টেলিফোন আলাপের পর পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। শেহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার কথা পেজেশকিয়ানকে অবহিত করেন। তবে প্রধানমন্ত্রীর বিবৃতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান এই চরম অবিশ্বাসের ফলে বুধবারের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
সূত্র : এপি।



















